মানসিক দক্ষতা হলো সেই ক্ষমতা যা একজন মানুষকে কঠিন পরিস্থিতিতে তার চিন্তা, আবেগ এবং কাজগুলিকে পরিচালনা করতে সাহায্য করে। শারীরিক দক্ষতাগুলো যেমন শক্তি বা সহনশীলতা সহজেই মাপা যায়। কিন্তু মানসিক দক্ষতা যেমন ফোকাস বা ধৈর্য মাপা কঠিন। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এগুলোও গড়ে তোলা সম্ভব। মানসিক দক্ষতা উন্নয়ন একটি বাড়ি তৈরির সাথে তুলনীয়। শক্তিশালী ভিত্তি ছাড়া যেমন বাড়ি দাঁড়াবে না, ঠিক একইভাবে মানসিক দক্ষতাও কোনো সঠিক ভিত্তি ছাড়া চাপের মধ্যে ভেঙে পড়বে। আবার বাড়ি তৈরির পর সেটাকে বাসযোগ্য করা, বাড়ির সৌন্দর্যবর্ধন ও অন্যান্য সবকিছু মিলিয়ে একটা কাঠামো তৈরি হয়। এই কাঠামোগুলোই এডভান্সড অর্থাৎ উন্নত মানসিক দক্ষতা। আমাদের একটা প্রচলিত ধারণা হচ্ছে, ভুল করতে করতে মানুষ দক্ষ হয়ে ওঠে। তাতে সময় লাগে বেশি, পিছিয়ে পড়ে অনেকেই। দক্ষ হলেই মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে পারে তাড়াতাড়ি। এজন্যই প্রয়োজন মানসিক দক্ষতা। এই দক্ষতা কীভাবে একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে সমাজে তথা নিজের কাছেই প্রতিষ্ঠা করবে, এজন্য একটা দিকনির্দেশনার পরিকল্পিত রূপরেখার মডেল তৈরি করেছেন দেশের কর্পোরেট অঙ্গনের অভিজ্ঞজন আসিফ ইকবাল। তাঁর এই মডেলে স্থান পেয়েছে মাইন্ডসেট, লক্ষ্য, মূল্যবোধ, আবেগীয় বুদ্ধিমত্তা, উন্নত মানসিক দক্ষতা উন্নয়ন, উন্নতির তীব্র আকাঙ্ক্ষা, প্রাতিষ্ঠানিক সচেতনতা, ভবিষ্যতকে নিজের হাতের মুঠোয় নিয়ে আনা, ব্যতিক্রমী চিন্তাভাবনা, কৌশলগত প্রভাব গড়ে তোলা, নিজের ও অন্যের জবাবদিহিতা নিশ্চিত করা, নিজের এবং অন্যদের উন্নয়নে কাজ করা, অন্যদের ক্ষমতায়িত করা, টিমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা, টিমের নেতৃত্ব দেওয়া।