চিত্ত মিডিয়ার জুয়েল রানাকে আমি বেশ কিছুদিন ধরেই চিনি। বয়সে আমার ছোট। প্রাণবন্ত একটা ছেলে। মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাকে দেখে কখনো মনে হয়নি, ছেলেটি প্রতিদিন শরীরের সঙ্গে একটা যুদ্ধ করে যাচ্ছে।

সম্প্রতি জুয়েল নিজেই লাইভে এসে তার অসুস্থতার কথা জানাল। সঙ্গে ছিল তার স্ত্রী। দুজন মিলে অনেক অজানা কথা বলল। কথাগুলো শুনতে শুনতে মনে হলো, মানুষের জীবন আসলে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটা সহজ নয়।

আমরা হয়তো ভাবছিলাম, জুয়েল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আসলে তা নয়। এই অসুস্থতা তার বহুদিনের সঙ্গী। বংশগতভাবে পাওয়া কিছু শারীরিক জটিলতা নিয়ে সে বছরের পর বছর কাটিয়েছে। যখন সে চিত্ত মিডিয়ার জুয়েল রানা হয়ে ওঠেনি, তখন থেকেই এই লড়াই শুরু।

তার স্ত্রী জানালেন, বিয়ের প্রথম রাতটাও অন্য দশটা দম্পতির মতো স্বাভাবিক ছিল না। জীবনের শুরু থেকেই তাদের সংসারে অসুস্থতার একটা ছায়া ছিল। বিয়ের আট বছর পূর্ণ হতে চলেছে। এই আট বছরের অনেকটা সময় কেটেছে চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা আর হাসপাতালের ছোটাছুটিতে।

জুয়েলের স্ত্রী মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তার অসুস্থতার কথা জেনেই। স্বামীর কষ্টগুলো নিজের চোখের সামনে দেখতে হয় তাকে। ভালো কোনো চিকিৎসকের খোঁজ পেলেই জুয়েলকে নিয়ে ছুটে যান সেখানে।

অথচ এই মানুষটির নিজের শরীরেও বাসা বেঁধেছে ক্যানসার। প্রায় আড়াই বছর ধরে তিনি এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন।

একটা অদ্ভুত ব্যাপার লক্ষ করলাম। স্ত্রী নিজে ক্যানসারের রোগী, অথচ স্বামীর অসুস্থতার কথা ভেবে তিনিই বেশি চিন্তিত। জুয়েল আবার স্ত্রীকে নিয়ে ভয় পায়। তার মনে হয়, স্ত্রীর যদি কিছু হয়ে যায়, তাহলে সে কীভাবে থাকবে!

মানুষের ভালোবাসা বোধহয় এমনই। নিজের কষ্টের চেয়ে প্রিয় মানুষের কষ্ট অনেক বেশি অসহ্য লাগে।

জুয়েল এত বছর তার অসুস্থতার কথা কাউকে জানায়নি। এর পেছনে তার স্ত্রীর একটা বড় ভূমিকা আছে। স্ত্রী তাকে বলেছিলেন, নিজের মতো করে এগিয়ে যাও। অসুস্থতাকে মানুষের সহানুভূতি পাওয়ার উপায় বানানোর দরকার নেই। তুমি অসুস্থ, এটা তুমি জানো, আল্লাহ জানেন। নিজের কাজ করে যাও। মানুষের করুণা নয়, তোমার দরকার নিজের মনোবল।

কথাগুলো আমার ভালো লেগেছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যেতে জুয়েলের দেরি হয়েছিল। কারণ হিসেবে সে জানিয়েছিল, নিয়মিত অনেক ওষুধ খেতে হয়। সবকিছু সামলে বের হতে একটু সময় লাগে। সে তো আর পুরোপুরি সুস্থ মানুষ নয়।

সেখান থেকেই সম্ভবত তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।

এরপর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকে হয়তো ভেবেছেন, জুয়েল বিছানায় পড়ে গেছে। কাজ করতে পারছে না। বিষয়টি জেনে জুয়েল নিজেও কষ্ট পেয়েছে। তার অসুস্থতার খবর শুনে এত মানুষ কষ্ট পাচ্ছেন, এটা সে মেনে নিতে পারছিল না। তাই লাইভে এসে নিজের অবস্থাটা পরিষ্কার করল।

সে জানাল, অসুস্থতা আছে, কষ্ট আছে, চিকিৎসা চলছে। কিন্তু সে বিছানায় পড়ে নেই। শরীরের এই অবস্থার মধ্যেও কাজ করে যাচ্ছে। মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে।

জুয়েলের স্ত্রীর কথা শুনে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। একজন মানুষ নিজের শরীরে ক্যানসার নিয়ে লড়ছেন, অথচ স্বামীকে প্রতিনিয়ত সাহস দিয়ে যাচ্ছেন। এমন ভালোবাসার জন্য আলাদা কোনো বিশেষণ খুঁজে পাওয়া কঠিন।

আরেকটি ঘটনা শুনে অবাক হয়েছি। জুয়েলের কিডনির সমস্যার কথা শুনে তার কয়েকজন ভক্ত নিজেদের কিডনি দান করার প্রস্তাব দিয়েছেন।

একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন প্রস্তাব দেওয়া যায়!

জুয়েল হয়তো জানে না, তার চারপাশে কত মানুষ তাকে ভালোবাসে। তার কাজের জন্য, তার হাসিমুখের জন্য, মানুষের প্রতি তার ভালোবাসার জন্য।

আজ এই দম্পতির প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। জীবন সব সময় আমাদের পছন্দমতো চলে না। কখনো একসঙ্গে দুজন মানুষ অসুস্থ হয়, কখনো সংসারে দুশ্চিন্তা এসে বাসা বাঁধে। তারপরও কেউ কাউকে ছেড়ে যায় না। বরং আরও শক্ত করে হাত ধরে রাখে।

জুয়েল এবং তার স্ত্রীর জন্য মন থেকে দোয়া করি।

আল্লাহ তাদের দুজনকে সুস্থতা দান করুন। চিকিৎসায় বরকত দিন। তাদের সংসার থেকে কষ্টগুলো দূর করে দিন।

জুয়েল, তুমি বয়সে আমার ছোট। একটা কথা বলি, নিজের শরীরের যত্ন নিয়ো। কাজের জন্য শরীরকে বেশি কষ্ট দিয়ো না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কাছে তোমার সুস্থ থাকাটাই সবচেয়ে বড় আনন্দ।

আল্লাহ তোমাদের দুজনকে ভালো রাখুন। আমিন।

– মুহাম্মদ আনোয়ারুল হক খান, mahkbd@gmail.com