ছুটির দিনের সকালে ঘুমকাতুরে ছেলে-মেয়ে দুটোকে টেনেহিঁচড়ে বিছানা থেকে তুলে কোচিংয়ে পাঠানোর চেয়ে অমানবিক কাজ পৃথিবীতে খুব কমই আছে।

আমার মেয়েটার চোখ তখনো ঘুমে বন্ধ, ছেলেটা মুখ ফুলিয়ে আছে। যেন বাপের ওপর তাদের একরাশ অভিযোগ শুক্রবার সকালে মানুষ যখন আরামে ঘুমায়, তখন তাদের কেন কোচিং করতে যেতে হবে? কোচিং সেন্টারের গেটে ওদের নামিয়ে দিয়ে যখন বিদায় নিলাম, ওদের মুখে স্পষ্ট বিদ্রোহ। কিন্তু আমার কেন যেন মনটা অদ্ভুত রকম হালকা লাগছিল। শুক্রবারের সকালগুলো সবসময়ই একটু অন্যরকম, অন্যদিনের চেয়ে আলাদা এক শান্ত রূপ নিয়ে সে হাজির হয়।

বাসায় ফেরার পথে রাস্তার উপরে মর্নিং মার্কেটে ঘুরে এলাম। চারপাশে টাটকা সবজির মেলা বসেছে। এই নভেম্বরে কাঁচা মরিচগুলো চকচক করছে, লাল টুকটুকে টমেটোগুলো যেন কথা বলতে চাইছে। এক পাশে সাজানো কমলা রঙের গাজর, আর সুবাস ছড়ানো কচি লেবু। দামাদামি করে ব্যাগ ভর্তি করলাম কাঁচা মরিচ, সবজি, লেবু, টমেটো আর গাজরে।

একটু এগোতেই নাকে এসে লাগল ঝাঁঝালো একটা পরিচিত সুবাস। চোখের সামনে ছোট মেশিনে সরিষা পিষে ফোঁটা ফোঁটা করে খাঁটি তেল বের করা হচ্ছে। তেলের সেই তীব্র ঝাঁঝে চোখ ভিজে ওঠে, অথচ নাকের ভেতর একটা অদ্ভুত আরাম লাগে। এক লিটার টাটকা সরিষার তেল কিনে নিলাম। ফেরার পথে গলির মোড়ের দোকানটা থেকে কাগজের ঠোঙায় ভরে নিলাম গরম গরম ভাজা আটা রুটি।

দু’হাতে সব্জির ব্যাগ, কাগজের ঠোঙার ভেতর থেকে ভাপ ওঠা গরম রুটির উষ্ণতা হাতে লাগছে, আর পাশে বোতলের খাঁটি সরিষার তেলের গন্ধ।

রাস্তা দিয়ে একাকী হাঁটতে হাঁটতে হঠাৎ কেমন যেন এক গভীর প্রশান্তি বুকের ভেতর নামল। সংসারের এই নিত্যদিনের ছোটখাটো ছোটাছুটি, ছেলে-মেয়ের জন্য এই যে সকালবেলার বাজার বয়ে নিয়ে যাওয়া, আমরা একে কত সাধারণ দায়িত্ব বলে মনে করি। কিন্তু আমাদের দ্বীন এই সাধারণ কাজটাকেই কত অলৌকিক মহিমায় রূপ দিয়েছে!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত সুন্দর একটি কথা বলেছেন, “একজন মুসলিম যখন সওয়াবের আশায় তার পরিবারের জন্য খরচ করে, তখন তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।”

(সহিহ বুখারি: ৫৫, সহিহ মুসলিম: ১০০২)

আমরা সদকা বলতে হয়তো কেবল দানবাক্সে ফেলা টাকা বা নিঃস্বকে দেওয়া দান বুঝি। অথচ ছুটির দিনে পরিবারকে ভালো খাওয়ানোর জন্য এই যে টাটকা সবজি, ওই এক বোতল তেল আর গরম রুটি কিনে বাড়ি ফেরা, এর পেছনেও সৃষ্টিকর্তা সদকার মতো পবিত্র সওয়াব লুকিয়ে রেখেছেন! ভাবতেই মনটা এক নিমিষে ভালো হয়ে যায়।

আমরা বড় অদ্ভুত প্রাণী। সারা জীবন বিরাট কোনো অলৌকিক প্রাপ্তির পেছনে হন্যে হয়ে ছুটে বেড়াই। অথচ পরম সুখ আর শান্তি তো লুকিয়ে থাকে এই অতি সাধারণ সকালের এক ঠোঙা গরম রুটি, লেবুর গন্ধ, আর পরিবারের জন্য বয়ে নিয়ে যাওয়া বাজারের ব্যাগটার মধ্যেই।

সবাইকে জুম্মা মোবারক। সকালের এই সাধারণ সুখগুলো সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।