মাসে এক লাখ টাকা আয় করি। পরিচিত অনেকের কাছে এই আয় হয়তো বেশ ভালো মনে হতে পারে। আমিও একসময় ভাবতাম, মাসে এক লাখ টাকা আয় করতে পারলে সংসারের খরচ চালিয়েও বেশ ভালো অঙ্কের টাকা সঞ্চয় করতে পারব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মাসের শুরুতে বেতন পাওয়ার পর মনে হয়, এবার কিছু টাকা জমাব। অথচ মাস শেষ হতে না হতেই দেখি, সঞ্চয়ের পরিকল্পনা আবারও পরিকল্পনাতেই রয়ে গেছে।
বাড়িভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, বাজার খরচ, সন্তানের পড়াশোনা, যাতায়াত, চিকিৎসা সবকিছু সামলাতেই আয়ের বড় অংশ চলে যায়। এর বাইরে আত্মীয়স্বজনের প্রয়োজনে সাহায্য, সামাজিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন কিংবা হঠাৎ কোনো জরুরি খরচ তো রয়েছেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আগের তুলনায় একই জীবনযাপন করতেও এখন অনেক বেশি টাকা প্রয়োজন হয়।
সবচেয়ে বড় সমস্যা হলো, ঢাকায় অনেক খরচ চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। ভালো এলাকায় বাসা না নিলে যাতায়াত ও নিরাপত্তার সমস্যা, সন্তানের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে গেলে বাড়তি ব্যয়, আর একটু ভালো চিকিৎসা নিতে গেলেও বড় অঙ্কের টাকা প্রয়োজন হয়।
মাঝেমধ্যে নিজের কিছু শখ পূরণ করতে ইচ্ছা করে। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও ঘুরতে যেতে মন চায়। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে সেসব ইচ্ছা দমন করি। তবুও মাস শেষে উল্লেখযোগ্য সঞ্চয় হয় না।
আমার উপলব্ধি, ঢাকায় শুধু ভালো আয় করলেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রয়োজন আয় ও ব্যয়ের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ঢাকায় একটি চার সদস্যের পরিবারের জন্য মাসে কত টাকা আয় হলে নিশ্চিন্তে সংসার চালানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সম্ভব?
– আব্দুল হাকিম, hakim027@gmail.com


